দ্রব্যমূল্যের কষাঘাত

দ্রব্যমূল্যের কষাঘাত

বিপুল চন্দ্র রায়

রাজারহাট-কুড়িগ্রাম।

কাঁচা বাজারে লেগেছে আজ ভীষণ দামের আগুন,

বেপারী ভাই বাড়ায় কেবল পণ্যের দাম দ্বিগুণ।

আলু-পটল-লেবু-শসা কিনব না আর বেগুন,

আক্ষেপেরই জ্বালায় মনে বাড়ছে ক্ষোভ দ্বিগুণ।

 

পেঁয়াজ দেখে চোখ ভিজে যায়, রসুন দেখায় ভয়,

মাছ বাজারে গেলেই যেন প্রাণটা বাহির হয়।

তেলের ড্রামে ভূত ঢুকেছে, লাফিয়ে বাড়ে দাম,

চিনির নাগাল পেতে গেলেই ঝরছে গায়ের ঘাম।

 

মাছ ও মাংস ধরাছোঁয়ার বাইরে গেছে কবে,

শাক-সবজিতেই পেট চালানো কঠিন অতি হবে।

সিন্ডিকেট আর মুনাফাখোর কাটছে গরীবের গলা,

ক্ষুধার জ্বালা সয়েই চলে সাধারণের চলাফেরা।

 

রাষ্ট্র তুমি তাকাও এবার, ধরো শক্ত হাল,

শোষণমুক্ত বাজার গড়, কাটুক আকাল-কাল।

সাম্য আসুক সবার তরে, ন্যায়ের শাসন চাই,

সাধারণের বেঁচে থাকার যেন সহজ পথটা পাই।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন