নবীনগর সরকারি কলেজে তীব্র শিক্ষক সংকট: ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

বিশেষ প্রতিবেদন  মোঃ রেজাউল হক রহমত
নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া 
নবীনগর সরকারি কলেজে দীর্ঘদিন ধরে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করায় ব্যাহত হচ্ছে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম। এতে শিক্ষার্থীদের পড়ালেখা যেমন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানটির ঐতিহ্যও হারাতে বসেছে।
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৮৫ সালে সরকারিকৃত নবীনগর সরকারি কলেজটি এক সময় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। বর্তমানে কলেজটিতে শিক্ষার্থী সংখ্যা প্রায় ২,৮৩৮ জন। অথচ শিক্ষক রয়েছেন মাত্র ২২ জন, যেখানে প্রয়োজন অন্তত ৩৬ জন শিক্ষক। ফলে শিক্ষক প্রতি শিক্ষার্থীর চাপ বেড়েই চলেছে।
এ প্রসঙ্গে কলেজের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন,
“বর্তমানে আমরা প্রতিদিন একাধিক ক্লাস নিতে বাধ্য হচ্ছি। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় অনেক সময় ভিন্ন বিষয়ের শিক্ষকদের দিয়েই ক্লাস নিতে হয়। এতে শিক্ষার্থীদের শিক্ষার মানে স্পষ্ট প্রভাব পড়ছে।
শিক্ষার্থীদের মাঝেও এ নিয়ে অসন্তোষ বিরাজ করছে। একাদশ শ্রেণির শিক্ষার্থী রুমানা আক্তার বলেন,
“আমাদের রসায়ন, গণিত ও হিসাববিজ্ঞান বিষয়ের ক্লাস অনিয়মিত। মাঝে মাঝে কয়েকদিন ক্লাস হয়, এরপর অনেকদিন কোনো ক্লাসই হয় না। ফলে পড়াশোনার ধারাবাহিকতা ভেঙে যাচ্ছে, পরীক্ষার প্রস্তুতিতেও সমস্যা হচ্ছে।”
শুধু শিক্ষার্থী নয়, অভিভাবকরাও সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। তাদের দাবি, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন,
“শিক্ষক সংকটের বিষয়টি আমরা বহুবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। কিছু পদে নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। তবে দ্রুত পদ না পূরণ হলে শিক্ষার মান আরও অবনতি ঘটবে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য খুবই ক্ষতিকর হবে।”
অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি অবকাঠামোগত দুর্বলতাও কলেজটির কার্যক্রমে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এক সময় যে প্রতিষ্ঠানটি এলাকার গর্ব ছিল, তা এখন ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।
তাদের দাবি, শিক্ষার মানোন্নয়নের স্বার্থে দ্রুত ব্যবস্থা নিয়ে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দিতে হবে। অন্যথায় নবীনগর সরকারি কলেজের মতো একটি প্রতিষ্ঠানের সুনাম ও কার্যকারিতা চিরতরে হারিয়ে যেতে পারে।
Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন