প্রাথমিক শিক্ষকদের আন্দোলনে পাশে থাকার ঘোষণা: হাসনাত আব্দুল্লাহ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষকদের প্রতি সমর্থন জানিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার (৮ নভেম্বর) রাত ৯টা ২৮ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ বিষয়ে একটি পোস্ট করেন।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন,

“প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি পূরণের জন্য রাজপথে নেমেছেন। তাদের ওপর পুলিশের হামলার আমি তীব্র নিন্দা জানাই। শিক্ষকদের দাবির ন্যায্য সমাধান না হওয়া পর্যন্ত শিক্ষকদের পাশে থাকব ইনশাল্লাহ।”

শিক্ষক সমাবেশে সংঘর্ষ ও গ্রেপ্তার

শনিবার দাবির পক্ষে আন্দোলন চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে পাঁচ শিক্ষক গ্রেফতার এবং শতাধিক শিক্ষক আহত হন বলে আন্দোলনকারীরা দাবি করেছেন।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক শামসুদ্দিন মাসুদ বলেন,

“শিক্ষকদের ওপর হামলা অমানবিক। আমরা রোববার (৯ নভেম্বর) থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থানের পাশাপাশি সারা দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করব।”

অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম বলেন,

“শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বর্বর হামলা চালিয়েছে এবং আমাদের পাঁচজন নেতা আটক হয়েছেন। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।”

তিনি আরও জানান,

“কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও অব্যাহত থাকবে।”

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন