যুক্তরাষ্ট্র শাটডাউন, ৪০ বিমানবন্দরে ফ্লাইট কমানো হবে

যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম ফেডারেল শাটডাউনের কারণে দেশের বিমান চলাচল বড় ধরনের সংকটের মুখোমুখি।
পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, চলমান শাটডাউন চলতে থাকলে আগামী শুক্রবার থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানো হবে

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের এই শাটডাউন ৩৬ দিনে পৌঁছেছে, যা ইতিহাসের সবচেয়ে দীর্ঘ।
এই সময়ে প্রায় ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন।
ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে। বিমান চলাচলে দেরি হচ্ছে, নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে এবং যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ছেন।

সরকারি প্রস্তাব অনুযায়ী ৪০টি বিমানবন্দরের নাম প্রকাশ করা হয়নি।
তবে বিশ্লেষকরা বলছেন, এটি মূলত যুক্তরাষ্ট্রের ৩০টি ব্যস্ততম বিমানবন্দর — যেমন নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, শিকাগো, আটলান্টা, লস অ্যাঞ্জেলেস ও ডালাস — প্রযোজ্য হবে।
ফ্লাইট কমানোর ফলে প্রতি দিন প্রায় ১,৮০০ ফ্লাইট এবং ২ লাখ ৬৮ হাজার আসন কমে যেতে পারে।
ডাফি বলেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের ওপর চাপ কমানো।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, শুক্রবারের পরও যদি সংকট অব্যাহত থাকে, তবে আরও কঠোর ফ্লাইট নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হতে পারে।
‘এয়ারলাইনস ফর আমেরিকা’ নামের বাণিজ্যিক সংগঠন জানিয়েছে, তারা সরকারের সঙ্গে সমন্বয় রেখে নতুন সিদ্ধান্তের সব দিক বোঝার চেষ্টা করছে এবং যাত্রী ও পণ্য পরিবহনে প্রভাব কমানোর চেষ্টা চালাবে।

শিল্পখাতের সূত্রে জানা গেছে, শাটডাউনের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩২ লাখ যাত্রী ফ্লাইট বিলম্ব বা বাতিলের শিকার হয়েছেন।
এয়ারলাইনগুলো জানিয়েছেন, আপাতত ব্যবসায়িক ক্ষতি তেমন হয়নি।
তবে শাটডাউন দীর্ঘায়িত হলে ভবিষ্যতে বুকিং কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এফএএ বুধবার সন্ধ্যায় বিমান সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে ফ্লাইট কমানোর প্রক্রিয়া ব্যাখ্যা করবে।

ডাফি আরও জানিয়েছেন, বিমান চলাচলের পাশাপাশি মহাকাশ উৎক্ষেপণ কার্যক্রমও সীমিত রাখা হবে
এতে যুক্তরাষ্ট্রের পরিবহন ও মহাকাশ সংক্রান্ত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফেডারেল শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রের বিমান পরিবহন খাত বিপর্যয়ের মুখে।
যাত্রীদের সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইটের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন