সূত্রাপুর ফায়ার সার্ভিসের সামনে পার্কিং করা বাসে রহস্যজনক অগ্নিসংযোগ

কোনো হতাহত নেই, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশের অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে পার্কিং করা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রধান সড়কে পার্কিং করা ‘মালঞ্চ পরিবহণ’-এর একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বঙ্গবাজার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, “দুর্বৃত্তরা বাসে আগুন দেয়। খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। এতে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষতি হয়নি।”

এ সময় এলাকায় স্বল্প সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, ঘটনার সময়ে এলাকাবাসী ও মুসল্লিরা নামাজে ব্যস্ত ছিলেন। দুর্বৃত্তরা সেই সুযোগে বাসে আগুন ধরিয়ে পালিয়ে যায়। আশপাশের কেউ সরাসরি ঘটনাটি প্রত্যক্ষ করেননি এবং ওই স্থানে সিসিটিভি ক্যামেরাও ছিল না।

তিনি আরও বলেন, “কারা এ ঘটনার সাথে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করতে এলাকায় অভিযান চলছে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন