
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের (এমপি) শপথ বাক্য পাঠ করাতে পারেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আগামী ১৬ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান বিচারপতি নতুন এমপিদের শপথবাক্য পাঠ করাতে পারেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি এ বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি জানান, পূর্ববর্তী সংসদের কোনো স্পিকার না থাকায় বিশেষ আইনি প্রক্রিয়ায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে।
আইন উপদেষ্টা বলেন, প্রচলিত আইন অনুযায়ী স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করাতে না পারলে রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন। এই মনোনয়ন প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে দেওয়া হয়।
এ ছাড়া আরেকটি বিধান অনুযায়ী, তিন দিনের মধ্যে শপথ গ্রহণ না হলে প্রধান নির্বাচন কমিশনারও নির্বাচিত এমপিদের শপথ পড়াতে পারবেন।
সব মিলিয়ে স্পিকার না থাকায় এবারের সংসদের শপথ অনুষ্ঠানে ভিন্ন একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।











