আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (৪ নভেম্বর) এক বিশেষ ভিডিও বার্তায় এ ঘোষণা দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন,
“যারা নতুন রাজনীতি করতে চান, দেশের উন্নয়নে কাজ করতে চান, তারা এনসিপির সঙ্গে, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা প্রত্যেক জেলায়, প্রত্যেক আসনে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থী দিচ্ছি। এ মাসের মধ্যেই আমরা আমাদের প্রার্থীর তালিকা চূড়ান্ত করব।”
তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ, শাপলা কলি প্রতীকে বাংলাদেশের ৩০০ আসনেই প্রার্থী দেব। আমরা মানুষের কাছ থেকে যে সাড়া ও সমর্থন পেয়েছি, তাতে আশা করি আগামী নির্বাচনে তার ইতিবাচক প্রতিফল পাব।”
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন,
“জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকেই আমরা নির্বাচন কমিশনের কাছে শাপলা প্রতীক চেয়ে আসছি। কিন্তু কমিশন প্রতীক দিতে গড়িমসি করেছে। শেষ পর্যন্ত এই শাপলা প্রতীক পেতে আমাদের একপ্রকার লড়াই করতে হয়েছে।”
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রার্থীদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।