দিনাজপুরে বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৫৯ নেতাকর্মীসহ মোট ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত জেলায় ১৩টি থানায় অভিযান চালানো হয়।
এ সময় নাশকতার মামলায় পলাতক ৫৯ জনকে এবং অন্যান্য ফৌজদারি মামলায় আরও ২৭ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশের দাবি, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ঘোষিত ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচি বাস্তবায়নের নামে
দেশে অস্থিতিশীলতা এবং নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে এসব নেতাকর্মীকে আটক করা হয়েছে।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিকাল সাড়ে ৪টার মধ্যে আদালতে উপস্থাপন করা হয় এবং আদালতের আদেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।