
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
গেজেট প্রকাশ প্রসঙ্গে তিনি বলেন, রিটার্নিং অফিসারদের কাছ থেকে চূড়ান্ত ফলাফলের হার্ড কপি পাওয়ার পর তা যাচাই-বাছাই করে যত দ্রুত সম্ভব গেজেট প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, শুক্রবার সন্ধ্যার মধ্যেই হার্ড কপি আসা শুরু হবে।
ইসি সচিব জানান, চট্টগ্রামের দুটি আসনের ফলাফল উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে আপাতত আটকে রয়েছে। গেজেট প্রকাশের আগে রিটার্নিং অফিসারদের দেওয়া তথ্য কমিশনের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এবং নির্ভুল গেজেট প্রকাশই এখন প্রধান লক্ষ্য। গেজেট প্রকাশের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রক্রিয়া শুরু হবে বলে জানান তিনি।
ফলাফলের বিষয়ে তিনি বলেন, ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা করা হয়নি। বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি ও জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে।
এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১টি, গণসংহতি আন্দোলন ১টি এবং খেলাফত মজলিস ১টি আসনে জয়লাভ করেছে। পাশাপাশি ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ভোটের হার সম্পর্কে তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ এবং গণভোটে ভোটের হার ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ভোটের হার কিছুটা বেশি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, সংসদ নির্বাচনের দুটি আসনের ফল স্থগিত থাকলেও সেখানে গণভোটে কোনো নিষেধাজ্ঞা ছিল না।
গণভোটের ফলাফলে পরিবর্তনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।











