ভারতের আদানি পাওয়ার লিমিটেড বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্থগিত করার হুমকি দিয়েছে। প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান অবিনাশ অনুরাগ গত ৩১ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যানকে এ বিষয়ে চিঠি দেন।
চিঠিতে জানানো হয়, বিপিডিবির কাছে আদানির ৪৯৬ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া রয়েছে। এর মধ্যে ২৬২ মিলিয়ন ডলার বিপিডিবির স্বীকৃত অপরিশোধিত বিল।
চিঠিতে সতর্ক করা হয়—
আগামী ১০ নভেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ না হলে, ১১ নভেম্বর থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হবে।
আদানি জানিয়েছে, ধারাবাহিক যোগাযোগ ও একাধিক স্মারক পাঠানোর পরও বকেয়া পরিশোধের অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটি দাবি করছে, ২০১৭ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ)-এর ১৩.২ (i) (i) ও (ii) ধারার অধীনে এ সরবরাহ স্থগিতের অধিকার তাদের রয়েছে।
বিপিডিবির একাধিক সূত্র জানিয়েছে, আদানির সঙ্গে বিদ্যুৎ কেনার চুক্তির প্রক্রিয়া বর্তমানে তদন্তাধীন। পিডিবির দাবি, পূর্ববর্তী সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আদানি একতরফা সুবিধাজনক চুক্তি নেয়। এ চুক্তির বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট মামলা বিচারাধীন।
বিপিডিবি জানিয়েছে, আদালতের নির্দেশে পাওয়া তথ্য-প্রমাণ সংগ্রহ করা হচ্ছে এবং দেশি-বিদেশি আদালতে সেগুলো উপস্থাপন করা হবে।
এ ছাড়া ২ নভেম্বর সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে বিপিডিবি একটি চিঠি পাঠিয়েছে, যেখানে মধ্যস্থতা প্রক্রিয়া স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে।
এর আগে ২৭ সেপ্টেম্বর, আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়ে ৪৬৪ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধের অনুরোধ জানান।
বিদ্যুৎ বিভাগ জানায়, বিপিডিবি বর্তমানে সরকার গঠিত ন্যাশনাল রিভিউ কমিটি অন পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্টস (পিপিএ)-এর নির্দেশনা অনুযায়ী কাজ করছে।