গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামে বাসর রাতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নববধূ। এ ঘটনায় জড়িত স্বামীসহ ৭ জনকে সাঘাটা থানা পুলিশ গ্রেফতার করেছে । অন্যদিকে গুরুতর অবস্থায় নববধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩০ আগস্ট শনিবার সন্ধ্যায় এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা জানান, বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের কনের সঙ্গে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের আসিফ মিয়ার বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে নববধূকে বাড়িতে নিয়ে আসেন আসিফ। তারপর আসিফসহ তার ৭ বন্ধু মিলে রাতভর নববধূকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। পরবর্তীতে শুক্রবার আসিফ এবং নববধূসহ ও তার বন্ধুদের নিয়ে শ্বশুরবাড়ি যায়। এ সময় অসুস্থ নববধূ তার মা ও বাবাকে ধর্ষণের ঘটনা খুলে বলেন। এরপর চিকিৎসার জন্য প্রথমে তাকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। এবং অবস্থার খারাপ থাকায় পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একপর্যায়ে নববধূর স্বজনরা ও স্থানীয় লোকজন ঘটনা শুনে বরসহ বন্ধুদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেন।
সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, গ্রেফতারদের ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে জানানো হবে।