ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনিক ইতিহাসে নতুন অধ্যায় রচনা হতে যাচ্ছে। জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন মিজ শারমিন আক্তার জাহান, যিনি বর্তমানে নড়াইল জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রোববার (৯ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। একই প্রজ্ঞাপনে বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসেবে স্বীকৃতি পায়। এরপর থেকে ৪১ বছরে জেলার শীর্ষ প্রশাসনিক পদে কখনো কোনো নারী কর্মকর্তা দায়িত্ব পাননি। এবার সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ হতে যাচ্ছে।
বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা শারমিন আক্তার জাহান কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও মানবিক দৃষ্টিভঙ্গির জন্য সহকর্মী এবং স্থানীয় প্রশাসনের মধ্যে প্রশংসিত। নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নারী উদ্যোক্তা উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ এবং প্রশাসনিক সেবার ডিজিটাল রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ব্রাহ্মণবাড়িয়ার নাগরিক সমাজ নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়ে আশাবাদ ব্যক্ত করেছে যে, তার নেতৃত্বে জেলা প্রশাসন আরও জনবান্ধব ও আধুনিক প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে। জেলার সর্বোচ্চ প্রশাসনিক পদে প্রথম নারী কর্মকর্তার দায়িত্ব গ্রহণকে তারা দেখছেন নারীর নেতৃত্ব বিকাশের এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে।