আসন্ন আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
সর্বশেষ সিরিজে থাকা এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অঙ্কন ও নাঈম হাসানকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় থাকা বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন। যদিও সর্বশেষ শ্রীলঙ্কা সিরিজে দলে থাকলেও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
দলে আছেন মুশফিকুর রহিম, যিনি নিজের ক্যারিয়ারের শততম টেস্টের দ্বারপ্রান্তে। এই সিরিজে দুটি ম্যাচ খেললেই মুশফিকের শততম টেস্ট সম্পূর্ণ হবে।
ব্যাট হাতে ছন্দে না থাকা জাকের আলী অনিকও আছেন স্কোয়াডে। পাশাপাশি সাদা জার্সির নিয়মিত মুখ মুমিনুল হক ও সাদমান ইসলামও রয়েছেন দলে।
পেস বোলিং বিভাগে আছেন এবাদত হোসেন, খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা। অন্যদিকে স্পিন আক্রমণে থাকছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও হাসান মুরাদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর সিলেটে, আর দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর ঢাকায়। টেস্ট সিরিজ শেষে চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
🔹 বাংলাদেশের টেস্ট স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী, হাসান মুরাদ।