সমাজের সুবিধা বঞ্চিত, পিছিয়ে পড়া হতদরিদ্র শিশুদের নিয়ে রাজধানীর মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্টে প্রথম আলো স্বপ্নের স্কুলে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে সহযোগিতা করেছে ‘গোপালপুর গ্রাম পশ্চিম পাড়া প্রবাসী মানব কল্যাণ সংগঠন’সহ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।
ইফতার মাহফিলে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ব্যবসায়ী, চাকুরিজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এক দশকের বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম আর নিজের অর্থ ব্যয় করে বিনামূল্যে এই স্কুলটি পরিচালনা করছেন সাইদুর রহমান (এমএ) ও তার স্ত্রী শিল্পী আক্তার (এমএ)।

হতদরিদ্র শিক্ষার্থীদের নিয়ে ইফতারে সামিল হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা।
সামাজিক সংগঠন সেভিয়র ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রবিউল্লাহ বলেন, হতদরিদ্র কোমলমতি শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ বিনির্মাণের গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে।
তিনি আরও জানান, প্রথম আলো স্বপ্নের স্কুল হতদরিদ্র শিশুদের শিক্ষা দিয়ে নিরক্ষতা দূরীকরণে কাজ করছে। অর্থের অভাবে তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তবে এই স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাচ্ছে যা প্রশংসার দাবি রাখে।
একই প্রসঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠন সোসাইটি ফর সোশ্যাল প্রোগ্রেস (এসএসপি) এর সাধারণ সম্পাদক
এফ এম মাঈন উদ্দিন বলেন, রিক্সা চালক, ভ্যান চালক, আয়া-বুয়ার সন্তানদের বিনামূল্যে পাঠদান করে শিক্ষা আলো ছড়িয়ে দিচ্ছে যা প্রশংসার দাবিদার।

ব্যক্তি উদ্যোগে পরিচালিত বিনামূল্যের এই স্কুলের কার্যক্রম চালাতে দেশের বিত্তশালী ও প্রবাসীরা সহায়তা করে যাচ্ছেন। হত দরিদ্র কোমলমতি শিশুদের পাঠদান চলমান রাখতে অতীতের মতো ভবিষ্যতেও পাশে থাকার আহবান জানান স্কুলটির কর্ণধার শিল্পী আক্তার।
প্রথম আলো স্বপ্নের স্কুলের সহ প্রতিষ্ঠা ও প্রধান শিক্ষক মোসাম্মদ শিল্পী আক্তার বলেন, ২০১৫ সাল থেকে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাঠদান করে যাচ্ছি। এখানে দারোয়ান, রিক্সা চালক, ভ্যান চালক, আয়া-বুয়ার সন্তানরা বিনামূল্যে পড়াশোনা করতে পারছে।
সকাল ৯ টা থেকে চার শিফটে প্রথম-তৃতীয় শ্রেণীর ৬০ জনের বেশি কোমলমতি শিশু এখানে পড়াশোনা করছে। বাংলার পাশাপাশি আরবীও শিখার সুযোগ পাচ্ছে শিশুরা। কাজটি আমরা আনন্দের সাথেই করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে অতীতের মতো ভবিষ্যতেও দেশ-প্রবাসী দানশীলদের পাশে থাকার আহবান জানান তিনি।

আলোকিত সমাজ বিনির্মাণের অংশীদার প্রথম আলো স্বপ্নের স্কুলের পাঠদানসহ অবকাঠামো পরিচালনায় সহযোগিতা করছেন ব্যবসায়ী রাজিব হাওলাদার, আওলাদ হোসাইন ও চাকুরিজীবী ফয়সাল আহমেদ।
এ আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়াদোকাই কারাতে দোর প্রতিষ্ঠাতা শুক্কুর আলী সিকদার, সমাজসেবী মুনিরা আরজুমন মুন্নি সহ আরো অনেকেই।