
ধর্মান্তরিত হয়ে কুষ্টিয়ার মেয়েকে বিয়ে করলেন চাইনিজ যুবক শি জিং ইউ। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে সোহান আহমেদ। কুষ্টিয়ায় নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে ধর্মান্তরের পর কুষ্টিয়া সদরের খাজানগর গ্রামের মোতালেব মিস্ত্রির মেয়ে বৃষ্টি খাতুনকে বিয়ে করেন ওই চাইনিজ যুবক।
এর আগে চীনের জিয়াংসি প্রদেশের হেনান শহর থেকে রাত একটার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শি জিং ইউ। ইমিগ্রেশনসহ সব কাজ শেষ করে রাত তিনটার দিকে বাইরে আসেন শি জিং ইউ। এ সময় বৃষ্টি খাতুনসহ পরিবারের সদস্যরা ওই চাইনিজ যুবককে স্বাগত জানান। ঢাকা থেকে রোববার বেলা সোয়া এগারোটার দিকে কুষ্টিয়ার আদালতে নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হন তারা। এরপর এফিডেভিটের মাধ্যমে বৌদ্ধধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন শি জিং ইউ। তার নতুন নাম রাখা হয় সোহান আহমেদ। পরে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী সোহান ও বৃষ্টি খাতুন এর বিয়ে সম্পন্ন হয়।
শি জিং ইউ জানান, আমরা দুজন দুজনকে ভালোবাসি। এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমরা এক সঙ্গে থাকতে চাই। তবে বৃষ্টি খাতুন এ ব্যাপারে ক্যামেরায় কথা বলতে অনীহা প্রকাশ করেন। তিনি জানান, পাঁচ মাস আগে অনলাইনে শি জিং ইউ এর সঙ্গে তার পরিচয় হয়।
বৃষ্টি খাতুনের দুলাভাই এনামুল হক জানান, ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমাদের পরিবার ও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছে।
এদিকে এই বিয়ে নিয়ে কুষ্টিয়া আদালত পাড়ায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কুষ্টিয়া, প্রতিনিধি











