
বিস্তারিত:
রাজধানী ঢাকায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের স্লোগানসংবলিত এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার পরিকল্পনার অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার (৫ নভেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ডিএমপি নিউজেও বিষয়টি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনা করছিলেন। এছাড়া, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার আশপাশে ১০–১২ নভেম্বর পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান–সংবলিত প্রায় এক লাখ গ্যাস বেলুন উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
অভিযানে অংশ নেয় ডিবির বিভিন্ন বিভাগ—
- মিরপুর বিভাগ: ৩ জন
- রমনা বিভাগ: ৩ জন
- সাইবার সিকিউরিটি বিভাগ: ২ জন
- মতিঝিল বিভাগ: ৪ জন
- ওয়ারী বিভাগ: ৫ জন
- উত্তরা বিভাগ: ২ জন
- তেজগাঁও বিভাগ: ২ জন
- লালবাগ বিভাগ: ৩ জন
- গুলশান বিভাগ: ১ জন
ডিবি সূত্রের বরাতে ডিএমপি নিউজ জানায়, “আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।











