এনসিপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কার্যালয়ের সামনে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে এবং নিরাপত্তা জোরদার করা হয়।

এ বিষয়ে এনসিপির মিডিয়া সেল সম্পাদক মুশফিক উস সালেহীন বলেন, “হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ হয়। আমরা সঙ্গে সঙ্গে বের হয়ে আসি। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের মধ্যে একজনকে আমাদের নেতাকর্মীরা আটক করেছে।”

পরে পুলিশ আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, হামলার কারণ ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে নিরাপদে অপসারণ করা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন