
স্টাফ রিপোর্টার
ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের ভেতরেই ‘ভূত’ রয়েছে। সরকারের ভেতর থেকেই বিএনপির বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমির মিলনায়তনে ‘জিয়াউর রহমান আর্কাইভ’-এর উদ্যোগে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “সরকারের ভেতরেই ভূত আছে—আমি এটা নিশ্চিত। আমরা বারবার বলেছি, কিন্তু দেখা গেছে, সরকারের ভেতর থেকেই আসল শত্রুপক্ষকে চিহ্নিত না করে বরং তারা বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালিয়ে গেছে। আমি সবার কথা বলছি না, তবে কিছু মানুষ এই চক্রান্তের অংশ।”
তিনি অভিযোগ করেন, “দু’একটি মিডিয়া নিষিদ্ধ ঘোষিত দলের কর্মসূচি ফলাও করে প্রচার করছে। এরা কারা? যারা নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত দলের হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ কর্মকাণ্ড প্রচার করছে, তারা কি আইনের আওতায় আসতে পারে না?”
রিজভী বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এখন ক্ষমতায় আছে, যাকে গণতন্ত্রকামী সব দল সমর্থন করেছে। অথচ নিষিদ্ধ ঘোষিত একটি দলের কর্মসূচি প্রচার করা হচ্ছে—এটা ফ্যাসিবাদী চক্রান্তের অংশ। এই নেটওয়ার্কের সঙ্গে বিভিন্ন শক্তি জড়িত। সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন বিলম্ব করার কারণেই ওঁত পেতে থাকা পতিত স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থানের আওয়াজ শোনা যাচ্ছে। তাদের গলার আওয়াজ অডিও-ভিডিওসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, ১৩ তারিখ ‘লকডাউন’। প্রশ্ন হচ্ছে—কিসের লকডাউন, কার লকডাউন? টাকার তো অভাব নেই তাদের; ব্যাংক ও বিভিন্ন প্রকল্প থেকে লুট করা টাকায় তারা সহিংস কর্মকাণ্ড চালাচ্ছে।”
বিএনপির এই নেতা বলেন, “রাষ্ট্রক্ষমতা ব্যবহার করে সরকারই নানা সময় বাসে আগুন দিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপিয়েছে। আমরা তখনই বলেছিলাম, এটা সরকার নিজেরাই করছে—এর প্রমাণও দিয়েছিলাম।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়াউর রহমান আর্কাইভের সভাপতি সঞ্জয় দে রিপন। উপস্থিত ছিলেন বিএনপির সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলামসহ অন্যান্য নেতারা।











