গাজীপুরে বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত

গাজীপুরের কাপাসিয়ায় সরকারি বনভূমি থেকে শতাধিক গজারি গাছ কেটে লুটপাটের অভিযোগে ভিডিও ধারণ করতে গেলে স্থানীয় বনদস্যুদের হামলায় তিন সাংবাদিক আহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার রায়েদ ইউনিয়নের ভুলেশ্বর গ্রামের পারীরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিকরা হলেন— নয়া দিগন্ত মাল্টিমিডিয়া গাজীপুর প্রতিনিধি মো. মোজাহিদ, দৈনিক আমার সংবাদ প্রতিবেদক এস এম জহিরুল ইসলাম এবং আলোকিত সকাল পত্রিকার হুমায়ুন কবির

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় সরকারি বন বিভাগের জমি থেকে গজারি গাছ কেটে পাচার করে আসছিলেন আবুল কাশেম ওরফে ‘গজারী কাশেম’ নামে এক ব্যক্তি। অভিযোগ রয়েছে, তাকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম

মঙ্গলবার দুপুরে গাছ কাটার খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে গজারী কাশেমের সহযোগীরা পালিয়ে যায়। পরে ভিডিও ধারণ শুরু করলে আবুল কাশেম, তার ছেলে আল আমিন এবং রায়েদ ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মামুন ১০–১২ জনের দলবল নিয়ে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা চালায়।

হামলার এক পর্যায়ে সাংবাদিক এস এম জহিরুল ইসলাম জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। বর্তমানে তারা কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, “সাংবাদিকদের উপর হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

সূত্র: স্থানীয় প্রতিনিধি, গাজীপুর।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন