গাজীপুরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস, কেজি ২৫০ টাকা
শুনতে অবাক লাগলেও গাজীপুরের হায়দারবাদে কেজি দরে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস! প্রতি কেজি মাংস ২৫০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
জানা গেছে, চলতি বছরের শুরুতে বাণিজ্যিকভাবে বিক্রি শুরু হয় ঘোড়ার মাংস। ব্যবসায়ীরাও বলছেন, ঘোড়ার মাংসে আগ্রহ বাড়ছে ক্রেতাদের।
এদিকে ঘোড়ার মাংস বিক্রি নিয়ে ওই এলাকায় তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জানান, ঘোড়ার মাংস খেতে গরুর মাংসের মতই সুস্বাদু। অন্যদিকে দাম অনেক কম হাওয়াতেও এ মাংসের চাহিদা বাড়ছে সাধারণ ক্রেতাদের মধ্যে। তবে বিপরীত মতামতও দিয়েছেন অনেকে। ঘোড়ার মাংস আসলেই খাওয়া উচিত কিনা, তা নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। অরুচিকর হিসেবে মন্তব্য করছেন কেউ কেউ।

এদিকে, স্থানীয় মাংস বিক্রেতারা জানান, ‘গরুর মাংসে প্রচুর চর্বি থাকলেও ঘোড়ার মাংসে তেমন কোনো চর্বি নেই। খেতে সুস্বাদ এবং দামও কম। প্রথম দিকে সপ্তাহের একদিন দুয়েকটি ঘোড়া জবাই করা হলেও বর্তমানে প্রতি শুক্রবার ১০-১২টি ঘোড়া জবাই করা হচ্ছে। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসছেন এসব মাংস সংগ্রহে।
জয়দেবপুর চৌরাস্তা থেকে আসা এক ক্রেতা বলেন, বাসায় জানলে বিপদ আছে, তাই মেসে রান্না করে খাওয়ার জন্য মাংস নিতে এসেছি। আশপাশের বাসিন্দারা বলছেন, জীবনে শুনি নাই, এখন দেখতেছি। খাওয়া তো দূরের কথা নাম শুনলেই বমি আসে। এক ক্রেতা জানান, সোশ্যাল মিডিয়ায় দেখে নিতে এসেছি, আগে কখনও ঘোড়ার মাংস খাওয়ার অভিজ্ঞতা নেই।











