
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী-এর কাছে চাঁদা দাবি করার অভিযোগে এনএসআই কর্মকর্তা পরিচয়দানকারী এক ভুয়া ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তির নাম মো. ফখরুদ্দিন (৩৫)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকা থেকে তাকে আটক করে সাতকানিয়া আর্মি ক্যাম্পের একটি টহল দল। ফখরুদ্দিন চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের বেনজিরি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে ওয়ারেন্ট অফিসার নাজিরের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে ফখরুদ্দিনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য হিসেবে পরিচয় দিলেও, পরে বিস্তারিত জিজ্ঞাসাবাদে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) কর্মকর্তা সেজে সংসদ সদস্যের কাছে চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেন।
তল্লাশির সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনী-এর লোগোযুক্ত স্টিকার লাগানো একটি মোটরসাইকেল, একটি আর্মি মানি ব্যাগ, একটি ভিআইপি ক্যাপ, বিভিন্ন র্যাংকের চারটি ছবি, একটি ব্লুটুথ হেডফোন, একাধিক কোম্পানি কার্ড, একটি আর্মি ছুটির সনদপত্র, দুটি বই, একটি ঘড়ি ও নগদ টাকা উদ্ধার করা হয়।
সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে এনএসআই পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছিলেন।
আটকের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতকানিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।











