
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী নিহত হয়েছেন। ২৬ অক্টোবর রোববার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় নিহত যুবকের নাম আবুল কালাম। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী। তিনি জানান, নিহতের পাসপোর্ট থেকে তার পরিচয় নিশ্চিত করা গেছে।
অনুসন্ধানে জানা যায়, রাজধানীর উত্তরা-মতিঝিল মেট্রোরেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে ২০২০ সালেই প্রশ্নে উঠেছিল। বুয়েটের পরীক্ষায় দেখা যায়, প্রকল্পের উত্তরা-আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশেরও মান ভালো নেই।
বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি বিয়ারিং প্যাড বসানো হয় পিয়ার ও উড়ালপথের সংযোগস্থলে, যা পুরো কাঠামোর স্থায়িত্ব ও ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এগুলো সরবরাহ করেছিল প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ইতাল-থাই ডেভেলপমেন্ট কোম্পানি। মান খারাপ প্রমাণিত হওয়ায় নতুন প্যাড আমদানি করতে হয়, ফলে প্রকল্পের সময়সূচিতে বিলম্ব ঘটে।
প্রতিবেদনে বলা হয়, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের প্যাকেজ ৩ ও ৪–এর নির্মাণকাজে নিম্নমানের প্যাড সরবরাহের ঘটনা ঘটে। এ অংশের দৈর্ঘ্য প্রায় ১২ কিলোমিটার, যার মধ্যে আট কিলোমিটার উড়ালপথ স্থাপন শেষ হয়। অবশিষ্ট অংশে ব্যবহারের কথা ছিল এসব প্যাডের।
এদিকে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ফার্মগেট মেট্রোরেল স্টেশনের কাছে পিলার থেকে একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবুল কালাম মারা যান।
দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) ইফতেখার হোসেন জানান, “একটি বিয়ারিং প্যাড নিচে পড়ে দুর্ঘটনা ঘটেছে। নিরাপত্তার স্বার্থে দুপুর সাড়ে ১২টা থেকে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে তদন্ত করে পরবর্তীতে জানা যাবে কেন ঘটেছে এমন দুর্ঘটনা।











