হাইকোর্টে বিচার চলাকালীন অবস্থায় আইনজীবীর মৃত্যু

হাইকোর্টে বিচার চলাকালীন অবস্থায় আইনজীবীর মৃত্যু

আদালত কক্ষে বিচারিক কার্যক্রম চলার সময় অসুস্থ হয়ে মোহাম্মদ নূরুল আমিন মিয়া নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

২৫ আগস্ট (সোমবার) হাইকোর্টের বর্ধিত ভবনের একটি আদালত কক্ষে মামলা পরিচালনার জন্য তিনি অপেক্ষা করছিলেন। দুপুর ১২টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, নূরুল আমিন মিয়া স্ট্রোকে মারা গেছেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়ে জানান, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মী আইনজীবীরা নূরুল আমিনকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৫৬ বছর বয়সী আইনজীবী নূরুল আমিনের স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে (২৫ আগস্ট) সোমবার দুপুরের পর সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত ও হাইকোর্ট বসেনি।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এদিন বিকেল ৫টায় নূরুল আমিনের জানাজা সম্পন্ন হয়। এর পর তার মরদেহ পটুয়াখালী জেলায় নিজ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে।

Facebook
WhatsApp
X
Telegram

মন্তব্য করুন